৮ ঘণ্টায় সড়কে ঝরলো ১৯ প্রাণ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিষাদে রূপ নিয়েছে দেশের তিন জেলায়। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত থেকে রোববার (২২ মার্চ) বেলা ১১টার মধ্যে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায়। শনিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের সাথে রেললাইনের ওপর থাকা 'মামুন স্পেশাল' পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ধাক্কা দেয়। এতে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশুসহ মোট ১২ জন নিহত হন।

স্থানীয়দের অভিযোগ, রেললাইনের গেটম্যানের অবহেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে দুই গেটম্যানকে বরখাস্ত করেছে এবং পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হবিগঞ্জে পিকআপ উল্টে নিহত ৪

রোববার ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের খালে উল্টে যায়। এতে এক নারী ও এক কিশোরসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

পুলিশ ধারণা করছে, গভীর রাতে বা ভোরের কোনো এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। সকালে রেকার দিয়ে পিকআপটি উদ্ধার করা হলে ভেতর থেকে মরদেহগুলো পাওয়া যায়।

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৫ জন আহত হন।

পুলিশ জানায়, শ্যামলী পরিবহনের একটি বাস একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে সেখানে জটলার সৃষ্টি হয়। ওই সময় পেছন থেকে আসা দোয়েল পরিবহনের একটি বেপরোয়া গতির বাস জটলার মধ্যে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী রয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলগুলো থেকে মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।