প্রয়োজনের বেশি তেল না নেওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার অনুরোধ করছি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুদিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।
 
গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার অনুরোধ জানাচ্ছি।
 
এদিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল সেটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার।

সোমবার (২৩ মার্চ) সময় সংবাদকে হাবিবুর রশিদ হাবিব বলেন, তেলের সংকট ঈদের আগে ছিল। তবে সরকার উদ্যোগ নেয়ার ফলে ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। যে পরিমাণ তেলের চাহিদা ছিল, সেটি দিতে সক্ষম হয়েছে সরকার।
 
তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল সেটিও সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের আগে যে শঙ্কা ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। পাম্পকেন্দ্রীক নিরাপত্তা ঈদের আগেও দেয়া হয়েছে প্রয়োজনে এখনও করবে বলেও জানান তিনি।

এদিকে ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল সময় সংবাদকে ফোনে বলেন, যে পরিমাণ চাহিদা তার তিন ভাগের একভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। যেখানে তেল আছে সেখানে খোলা, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।