হাম প্রতিরোধে ৩০ উপজেলায় টিকাদান শুরু

হামের ব্যাপক বিস্তার রোধে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকা প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, যারা ইতোমধ্যে হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের আপাতত এই টিকা দেওয়া হবে না। পরে যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বা বেড়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সব অভিভাবককে শিশুদের টিকাদান নিশ্চিত করতে এবং কর্মসূচিকে সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।