সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করে জাতীয় সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬’ পাশ হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়।
এই নতুন আইনের আওতায় সরকারি চাকরির বিভিন্ন স্তরে প্রবেশের বয়সসীমায় পরিবর্তন আনা হয়েছে:
১. সিভিল সার্ভিস: বিসিএসসহ সিভিল সার্ভিসের সকল ক্যাডার পদে প্রবেশের সর্বোচ্চ বয়স হবে ৩২ বছর।
২. অন্যান্য সরকারি চাকরি: সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতেও প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
৩. স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা: স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং স্ব-শাসিত সংস্থাগুলোর ক্ষেত্রেও একই বয়সসীমা (৩২ বছর) কার্যকর হবে।
৪. প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনী: তবে প্রতিরক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে যোগদানের ক্ষেত্রে নিজ নিজ নিয়োগ বিধিমালা বা বিদ্যমান নিয়ম অপরিবর্তিত থাকবে।
বিলে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে অধ্যাদেশ জারির ফলে কিছু বিশেষায়িত পদে বয়সসীমা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছিল, তা নিরসন করা হয়েছে। যেসব পদে আগে থেকেই ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারিত ছিল, সেই পদগুলোর ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
বিলটির উদ্দেশ্য সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও বেশি সুযোগ দেওয়া এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে এ সংক্রান্ত দুটি পৃথক অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই বিল পাশের মাধ্যমে সেই অধ্যাদেশগুলো রহিত করে সেগুলোকে একটি স্থায়ী আইনি রূপ দেওয়া হলো।