ঢাকায় গরমের দাপট, আজ বৃষ্টির দেখা মিলবে কি

দীর্ঘ কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা নেই। দিনের বেলায় রোদের প্রখরতায় প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। ঢাকার আকাশে আজ মেঘের উপস্থিতি থাকলেও স্বস্তির বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দিনের বেশির ভাগ সময় রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময়ের মধ্যে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।