তরুণ প্রজন্মের উদ্ভাবনী প্রতিভাকে উৎসাহিত করতে এক কলেজ শিক্ষার্থীর তৈরি গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন ও চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।
কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশীদের নিজ হাতে তৈরি গো-কার্টটি দেখতে শনিবার দুপুরে কার্যালয় প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি গাড়িটির নির্মাণশৈলী ও কারিগরি দিকগুলো সম্পর্কে রিজওয়ানের কাছ থেকে বিস্তারিত তথ্য শোনেন। মেধাবী এই তরুণকে আরও অনুপ্রাণিত করতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটির স্টিয়ারিং ধরেন এবং প্রাঙ্গণের নির্দিষ্ট অংশে এটি চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর এই সহজ ও আন্তরিক অংশগ্রহণ তরুণ উদ্ভাবকদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। গাড়িটি চালানো শেষে প্রধানমন্ত্রী রিজওয়ান রশীদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।