বিটিআরসির জোড়া সুখবর, দাম কমছে ইন্টারনেটের

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি মোবাইল নেটওয়ার্কের ইনডোর সমস্যা সমাধানে নতুন তরঙ্গ বরাদ্দের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক কাঠামো ও নেটওয়ার্ক শক্তিশালী করার এই পরিকল্পনার কথা জানানো হয়।

‘এক দেশ, এক রেট’ নীতিমালার আওতায় বিটিআরসি ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করেছে। এখন থেকে গ্রাহকরা আগের চেয়ে অনেক কম দামে উচ্চগতির ইন্টারনেট পাবেন।

নতুন নির্ধারিত সর্বোচ্চ মূল্য 
৩০ এমবিপিএস: মাসিক সর্বোচ্চ ৫০০ টাকা। 
১০০ এমবিপিএস: মাসিক সর্বোচ্চ ১০০০ টাকা।
২৫০ এমবিপিএস: মাসিক সর্বোচ্চ ৩০০০ টাকা।

বিটিআরসি জানিয়েছে, এসব প্যাকেজের ক্ষেত্রে শেয়ারড কন্টেনশন রেশিও হবে সর্বোচ্চ ১:৮। এই সিদ্ধান্তের ফলে তৃণমূল পর্যায়ে উচ্চগতির ইন্টারনেটের প্রসার আরও বাড়বে।

বাসাবাড়ি বা অফিসের ভেতরে মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারে গ্রাহক ভোগান্তি কমাতে ‘ই-জিএসএম’ (E-GSM) ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। দেশের সাড়ে ১৮ কোটি মোবাইল সংযোগধারীর বড় অংশই ঘরের ভেতরে দুর্বল নেটওয়ার্কের অভিযোগ করেন। এই সমস্যা সমাধানে রবি ও বাংলালিংককে পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য ৮.৪ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে।

বিটিআরসির তথ্যমতে, শহরের তুলনায় উপশহর ও প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কের মান এখনো দুর্বল। ঘরের ভেতরে কথা বলার সময় কল ড্রপ হওয়া বা ইন্টারনেটের ধীরগতি দূর করতে এই নতুন তরঙ্গ বিশেষ ভূমিকা রাখবে। গ্রামীণফোনের পর এবার রবি ও বাংলালিংক এই সুবিধা পাওয়ায় মোবাইল সেবার মানে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।