আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের গুরুত্বপূর্ণ ‘বাজেট অধিবেশন’। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওইদিন বিকেলে এই অধিবেশন আহ্বান করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৭ জুন (রোববার) বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। অধিবেশনের সমাপনী দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রাষ্ট্রপতির ঘোষণা পাঠের মাধ্যমে কার্যক্রম শেষ করেন। প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমাপনী বক্তব্য দিয়েছিলেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় এই অধিবেশন নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও গুরুত্ব বিরাজ করছে।