বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়া নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সঙ্গে দেশে নবায়নযোগ্য জ্বালানি জনপ্রিয় করতে সোলার খাতে নীতিগত সহায়তা বাড়ানো ও কর কমানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘পাওয়ার, এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ সোলার বা সৌরশক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী আমাকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি করে দিয়েছেন। আমরা আগামী পাঁচ বছরের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এই মাসের মধ্যেই একটি নতুন নীতিমালা তৈরি করা হবে এবং জুন মাসের মধ্যে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে তা কার্যকর করা হবে।’ তিনি আরও জানান, সোলার সামগ্রী আমদানিতে কর কমানোর বিষয়েও আলোচনা চলছে।

বিদ্যুতের দাম বাড়ানো হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আগে বিদ্যুতের দাম বাড়ুক, তারপর এ বিষয়ে বক্তব্য দেব। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাই এ বিষয়ে আগাম মন্তব্য করা সম্ভব নয়।’

সৌরবিদ্যুতের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে স্টোরেজ বা ব্যাটারি ব্যবস্থার ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, ‘ব্যাটারি না থাকলে দিনের বেলার চার ঘণ্টা বিদ্যুৎ দিয়ে বড় কোনো লাভ হয় না। আমাদের আসল চাহিদা সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। তাই সোলার বিদ্যুৎ ধরে রাখার প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি।’এ সময় তিনি ব্যবসায়ীদের বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের নতুন ব্যবসায়িক মডেল গড়ে তোলার আহ্বান জানান।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট খোলার সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়ে মন্ত্রী জানান, বর্তমানে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়ম থাকলেও ব্যবসায়ী সংগঠনগুলো সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। জনস্বার্থে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, এক্সপোনেন্ট একজিবিশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলাটি আগামী ৯ মে পর্যন্ত চলবে।