প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবা আরও গতিশীল করতে বগুড়া পৌরসভাকে ‘সিটি করপোরেশন’-এ উন্নীত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় আরও ৫টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন ৫ উপজেলার তালিকা:
বৈঠক শেষে জানানো হয়, প্রশাসনিক কাজের সুবিধার্থে বিদ্যমান ৫টি উপজেলাকে ভাগ করে নতুন এই প্রশাসনিক ইউনিটগুলো গঠন করা হয়েছে। এগুলো হলো:
১. মোকামতলা: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে এটি গঠন করা হয়েছে।
২. মাতামুহুরী: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে ভাগ করে নতুন এই উপজেলা করা হয়েছে।
৩. রুহিয়া: ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে এটি গঠন করা হয়েছে।
৪. ভুল্লী: ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে আরও একটি নতুন উপজেলা করা হয়েছে।
৫. চন্দ্রগঞ্জ: লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে এই নতুন উপজেলা গঠন করা হয়েছে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া শহরকে আধুনিক ও উন্নত নাগরিক সুবিধাসম্পন্ন করতে দীর্ঘদিনের দাবি ছিল সিটি করপোরেশন গঠনের। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকের নিকার বৈঠকে সেই দাবি পূরণ হলো। এর ফলে এটি দেশের ১৩তম সিটি করপোরেশনে পরিণত হতে যাচ্ছে।
প্রশাসনিক সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিটি করপোরেশন ও উপজেলাগুলো গঠনের ফলে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ হাতের নাগালে সরকারি সেবা পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে এসব নতুন প্রশাসনিক ইউনিটের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।