স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ‘স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি নিশ্চিত যে এবার কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।’

দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনের উত্তাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, ‘প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। এটি নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই দেশে একটি ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে উঠুক। লক্ষ্য কেবল একটি নির্বাচন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।’

অতীতের স্থানীয় নির্বাচনের সহিংসতার কথা স্মরণ করে সিইসি রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সংঘাতের ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হওয়ায় একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা দেয়। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।’

নির্বাচন সুষ্ঠু করার জন্য সবার সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন একা কোনো ভোট সফল করতে পারে না। এতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সব পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।