অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূসের  নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। শুনানি শেষে আদালত আজ আদেশের দিন ধার্য করেছিলেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে এম কে রহমান সাংবাদিকদের বলেন, গত ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে 'অরাজক পরিস্থিতি' তৈরি হয়েছে বলে তারা মনে করেন। এ কারণে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী তদন্ত কমিশন গঠনের আবেদন করা হয়েছিল।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, এই সময়কালে ঘটে যাওয়া ঘটনাগুলোর 'সুষ্ঠু তদন্ত' চাওয়া হয়েছিল এবং তদন্তের পদ্ধতি সরকার নির্ধারণ করবে বলেও রিটে উল্লেখ করা হয়। তবে শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।