চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ। তার সঙ্গে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (৩১ মে) তাদের ওই এলাকা সরেজমিনে পরিদর্শনের কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেশ কিছু কর্মকর্তার ছুটি বাতিল এবং কিছু ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সরেজমিনে গিয়ে জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
তিনি আরও জানান, সম্প্রতি যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনার আগেই এই সফর নির্ধারিত ছিল।
এর আগে গত ২৪ মে দিবাগত রাতে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ও র্যাবের পাল্টা গুলিতে হামলাকারীরা পিছু হটে যায়। একই সময় একটি নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও পাওয়া যায়।
এ ছাড়া ওই এলাকায় চলমান সহিংসতার প্রেক্ষাপটে অতীতেও একাধিক বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্য অংশ নেন।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার এবং বহুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিরাপত্তা জোরদারে এলাকায় যৌথ বাহিনীর স্থায়ী ক্যাম্প ও চেকপোস্টও বসানো হয়।