বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ঢাকার দুই সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত দেন তিনি। পরিদর্শনকালে তিনি রাজধানীর একাধিক সড়কে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র সন্তোষজনক না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সড়কে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্টদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গাফিলতি পাওয়ায় আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা এসেছে।
বর্তমানে ডিএনসিসি ও ডিএসসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও স্বাস্থ্য-পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত পদে দায়িত্ব পালন করছেন একাধিক কর্মকর্তা, যাদের কার্যক্রমও পর্যালোচনার আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।