জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মোট ১৯০ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের বিধিমালার ৩০ নম্বর ধারা অনুযায়ী ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী এবারের সভাপতি পদ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। সেই অনুযায়ী বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়ী হন বাংলাদেশের প্রতিনিধি।

এই অর্জনের মাধ্যমে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হলো। এর আগে ১৯৮৬–৮৭ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী এই দায়িত্ব পালন করেছিলেন।

আগামী ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব নেতারা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে বক্তব্য দেবেন।

সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও প্রশাসনিক দায়িত্বে অভিজ্ঞতা অর্জন করেছেন। বহুপাক্ষিক কূটনীতিতে তার অভিজ্ঞতা চার দশকেরও বেশি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ প্রতি বছর পরিবর্তিত হয় এবং পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সদস্য রাষ্ট্রগুলো সরাসরি ভোটে এই সভাপতি নির্বাচন করে, যেখানে প্রতিটি দেশের ভোট সমান গুরুত্ব বহন করে।

গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন আনালেনা বেয়ারবক। তার দায়িত্বকাল ছিল বৈশ্বিক সংঘাত, উন্নয়ন সংকট ও অর্থনৈতিক চাপে জর্জরিত এক সময়ের প্রেক্ষাপটে।