আজ ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আগামী ৬ জুন (শনিবার) সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা-আঙ্কারা সম্পর্কে নতুন মাত্রা

সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে বিশেষভাবে আগ্রহী তুরস্ক। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। ফলে কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

আলোচনায় গুরুত্ব পাবে ‘প্রতিরক্ষা সহযোগিতা’

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বিদ্যমান। তবে এবারের সফরে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় আঙ্কারা। 

হাকান ফিদানের এই ঢাকা সফরে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে তুরস্ক সফর করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেই সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের সূত্র ধরেই এই সফরের আয়োজন।