পুশইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৫ জুন) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে।
কোস্ট গার্ড জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি। সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ড সুন্দরবনসহ সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরো জোরদার করেছে।
পুশইন সংক্রান্ত যেকোনো তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশইন রোধে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাব্বির আলম সুজন।