কোনো পরিসংখ্যান কার্পেটের নিচে লুকানো হবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আমরা নির্ভুল তথ্য চাই। কোনো পরিসংখ্যান কার্পেটের নিচে লুকানো হবে না। প্রকৃত অবস্থা জানতে চাই। মূল্যস্ফীতি কীভাবে গণনা হয়, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। আওয়ামী লীগের আমলে পরিসংখ্যানের কারসাজি নিয়ে এখন চলছে গভীর পর্যালোচনা জানিয়েছেন তিনি।

রোববার (৭ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 

তিনি জানান, ‘ আমরা প্রকৃত অবস্থা জানতে চাই। তাই কোনো কারসাজি যেন না হয়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি কীভাবে গণনা করা হয়, তাও আমরা খতিয়ে দেখবো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)–এর তথ্য-উপাত্তের ওপর চলছে ‘ফরেনসিক রিভিউ’।,

প্রকল্প ব্যবস্থাপনায় কঠোরতা
প্রতিমন্ত্রী জানান, ৬০–৭০ শতাংশ অগ্রগতি হয়েছে এমন প্রকল্পগুলোর ওপর চলছে নিবিড় নজরদারি। ভবিষ্যতে সমজাতীয় প্রকল্পগুলোকে একত্রে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন—সময় ও খরচ বৃদ্ধির দায় নিতে হবে প্রকল্প পরিচালকদের। এজন্য প্রকল্প পরিচালকদের পুল তৈরির নীতিমালা প্রণয়ন হচ্ছে।

বাজেটে প্রান্তিক মানুষের অগ্রাধিকার
এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তার মতে, সাধারণ মানুষ এর সুফল পাবেন। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

জ্বালানি নীতিতে আত্মনির্ভরতার চেষ্টা
প্রতিমন্ত্রী আরও বলেন, একটি আত্মনির্ভরশীল জ্বালানি নীতি তৈরির উদ্যোগ চলছে। এর মাধ্যমে দেশের অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।