পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বিজিবি শক্তভাবে ভারতের পুশইনের চেষ্টা প্রতিহত করছে। পাশাপাশি পুশইন বন্ধে বাংলাদেশ সরকার ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার (৮ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, ‘অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া আছে। সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে’।
পুশইন দু’দেশের দ্বিপাক্ষিক পুনরুদ্ধার সম্পর্কে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানো ঠেকাতে সম্প্রতি বাংলাদেশের ২৬ জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও গ্রামবাসী তাদের সহযোগিতা করছেন।
এদিকে সোমবার (৮ জুন) থেকে আগামী ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সম্মেলন শুরু হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।