'ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ নেই'

ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি বিধান বর্তমানে দেশে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, বিদ্যমান আইনে এ ধরনের কোনো কাঠামো না থাকায় সরকার কেবল অনুরোধের মাধ্যমেই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারে।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খানের (মহিলা আসন-৯) এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

সংসদ সদস্য হেলেন জেরিন খান তাঁর প্রশ্নে জানতে চান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট, এআই-জেনারেটেড ছবি ও ভিডিও ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, রাজনৈতিক ব্যক্তিদের চরিত্রহনন, বিভ্রান্তিকর প্রচারণা এবং নারী হয়রানি প্রতিরোধে সরকার কী পদক্ষেপ নিয়েছে?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য প্রতিরোধে সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশোধিত আইনে যথাযথ শাস্তির বিধান যুক্ত করা হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, সরকার চাইছে যেন অনুরোধ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দ্রুত ব্যবস্থা নেয় এবং বিতর্কিত কনটেন্ট অপসারণ করে। বর্তমানে অনুরোধ করার পরও অনেক ক্ষেত্রে এসব প্ল্যাটফর্ম থেকে সাড়া পেতে প্রায় ৬ মাস পর্যন্ত সময় লেগে যায় বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। এর মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়ে অপপ্রচারও রয়েছে। এসব নিয়ন্ত্রণে আইনি সংস্কার এখন সময়ের দাবি। ফেসবুকসহ অন্য মাধ্যমগুলোর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার এই সীমাবদ্ধতা দূর করতেই দ্রুত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।