শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় বাড়লো

আজ থেকে বাড়ানো হয়েছে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়। সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা খাকবে।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।

তিনি এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। তবে ঈদের পর আবার আগের নিয়মে সন্ধ্যা ৭টায় দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।