জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের মাধ্যমে দেশের ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জন্য 'কৃষককার্ড' কর্মসূচিতে প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় ঘোষিত এই বাজেটের আওতায় দেশের ১০০টি উপজেলার সাড়ে ৪২ লাখ কৃষককে এই কার্ড দেওয়া হবে। এই বিশেষ কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত কৃষকরা প্রতিবছর একবার আড়াই হাজার টাকা করে সরাসরি নগদ সহায়তা পাবেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে রূপান্তর করা সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
মূলত কৃষি খাতে মৌলিক পরিবর্তন আনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি জরুরি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই গত পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে এই ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়। সরকার দেশের সব কৃষককে পর্যায়ক্রমে এই সেবার আওতায় নিয়ে আসার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।