বাংলাদেশি পর্বতারোহী নুরুননাহার নিম্নী-কে সম্মান জানিয়েছে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়কে বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে দূতাবাস।
শুক্রবার (১২ জুন) দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, এভারেস্ট জয়ের সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল অংশ নেন।
বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) আয়োজিত ওই অনুষ্ঠানে নুরুননাহার নিম্নীর সাফল্যকে বিশেষভাবে উদযাপন করা হয়। গত ২৭ মে তিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে ইতিহাস গড়েন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ললিতা সিলওয়াল নুরুননাহার নিম্নীকে অভিনন্দন জানান এবং তার দৃঢ় মনোবল, সাহস ও অধ্যবসায়ের প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের তরুণদের মধ্যে পর্বতারোহণের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি পর্বতারোহী ও ট্রেকাররা বাংলাদেশ ও নেপালের মানুষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএমটিসি আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নুরুননাহার নিম্নীর অসাধারণ অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের অ্যাডভেঞ্চার ক্রীড়া অঙ্গনে তার অবদানও তুলে ধরা হয়।