গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়ানোর আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই একে নিখুঁত থাকতে হবে। গণমাধ্যম বস্তুনিষ্ঠ হতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয়।
সোমবার (১৫ জুন) সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালের যে ১৬ জুন দেশের সমস্ত গণমাধ্যমের কণ্ঠস্বর রুদ্ধ করে কালো দিবস রচিত হয়েছিল, সেই দিনটিকেই গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, যারা ১৬ জুনকে ‘কৃষ্ণদিবস’ তৈরি করেছিল, তার বিপরীতে এই দিনটিকেই যদি স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তবে সেটিই হবে স্বৈরতান্ত্রিক মানসিকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধের সবথেকে ‘মধুর প্রতিশোধ’।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রতিটি মানুষ ব্যক্তিগত ও জৈবিকভাবে আলাদা এবং অনন্য (Unique)। সমাজে মতাদর্শের ভিন্নতা বা ভিন্নমত চর্চার আবহ থাকলে মানুষের মনোজগতে প্রতিক্রিয়া তৈরি হয়। তবে পৃথিবীর যাবতীয় ফ্যাসিবাদ নিজেদের মতের পক্ষে ‘সম্মতি উৎপাদন’ করতে গিয়ে বৈচিত্র্যের সহাবস্থানকে ধ্বংস করে।
মন্ত্রী বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যেকোনো ভিন্নমতকে একটি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) কাঠামোর মধ্যে এনে তর্ক-বিতর্কের প্রতিযোগিতাকে প্রগতির উপাদান করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানকে সভ্যতার সঙ্গে প্রতিযোগিতার সামঞ্জস্য রেখে দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।।
সবশেষে, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তৎপরতা বেগবান হচ্ছে জানিয়ে মন্ত্রী এই উদ্যোগের অংশীদার হতে সবার সহযোগিতা কামনা করেন।