ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ঠিক তার পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হবে।

সোমবার (১৫ জুন) এক আনুষ্ঠানিক নির্দেশনায় আইভ্যাক এই তথ্য নিশ্চিত করেছে। 

নির্দেশনায় আইভ্যাক জানায়, আবেদনকারীরা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন। যেসব আবেদনকারী এই নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড সম্পন্ন করবেন, কেবল তাদের জন্যই বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের প্রক্রিয়া শুরু হবে।

নির্দেশনায় ফাইলের সত্যতা নিয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। আপলোড করা ওয়েবফাইলটি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ (PDF) হতে হবে এবং সেটি কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। কোনো ধরনের পরিবর্তিত, সম্পাদিত (Edited) বা বিকৃত ফাইল আপলোড করা হলে তা সরাসরি বাতিল বা অগ্রহণযোগ্য বলে গণ্য হবে।

মেডিকেল ভিসা সংক্রান্ত বিশেষ নির্দেশনায় আইভ্যাক জানিয়েছে, চিকিৎসার্থে ভারত গমনেচ্ছু আবেদনকারীদের অবশ্যই সেই নির্দিষ্ট হাসপাতালেই যেতে হবে, যার নাম উল্লেখ করে ভিসা ইস্যু করা হয়েছে। কোনো জরুরি কারণে হাসপাতাল পরিবর্তন করতে হলে অবশ্যই ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও)-এর পূর্বানুমতি নিতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এফআরআরও (FRRO)-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করা হলে তা ভিসা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে ভারতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ হতে পারে।