মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তার চাদরে চায়ের দেশ

ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের ঐতিহাসিক উদ্বোধন করতে সিলেট হয়ে মৌলভীবাজার এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তাঁর গাড়ি বহর মৌলভীবাজারে প্রবেশ করে।

এর আগে, সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে তিনি সরাসরি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। মৌলভীবাজার শহরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি সরাসরি শ্রীমঙ্গলের পথে রওনা হয়েছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন ও ব্যাপক প্রস্তুতি। পুরো মৌলভীবাজার জেলাকে এখন নিরাপত্তার কঠোর চাদরে ঢেকে ফেলা হয়েছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে তদারকি করছেন।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দুই অনুষ্ঠানস্থল- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের মূল মঞ্চের সার্বিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বুঝে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই মৌলভীবাজার জেলা শহর ও এর আশেপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা শহরের প্রধান প্রধান রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

ভিআইপি সার্কিট হাউস, জেলা জজ আদালত, মৌলভীবাজার পৌরসভা ভবনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো ধুয়ে-মুছে নতুন রঙে সাজানো হয়েছে। এমনকি সড়কপথের বিভিন্ন ব্রীজ ও কালভার্টগুলোকেও লাল-সাদা রঙের আবরণে রাঙিয়ে তুলেছেন মিস্ত্রিরা। চায়ের দেশে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও দারুণ উদ্দীপনা দেখা যাচ্ছে।