আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এস এন নজরুল ইসলাম বলেন, সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় কর্মসূচি হচ্ছে ১০ মহররম বা আশুরা। পাশাপাশি ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, টহল, বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রয়েছে এবং থাকবে।

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামের এক আসামিকে গ্রেপ্তার করে জনসম্মুখে ঘুরিয়েছিল পুলিশ। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজি করছে। সাংবাদিকদের এ সংক্লান্ত প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেন, জামিনের বিষয়টি আদালতের বিষয়। তারা কাকে শাস্তি দিবে কি দিবে না, এটা আদালতের বিষয়। কিন্তু আমরা আমাদের কাজটি করে যাব। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ পাব, আমরা গ্রেপ্তার করব, তাদের নিয়ে তথ্য সংগ্রহ করব এবং আদালতে প্রেরণ করব।