মালয়েশিয়া ও চীনের শীর্ষ নেতৃত্বের বিশেষ আমন্ত্রণে গুরুত্বপূর্ণ এক দ্বিপাক্ষিক কূটনৈতিক সফরে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে দেশের কূটনৈতিক ও কৌশলগত পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
রোববার (২১ জুন) দুপুর ২টা ১৩ মিনিটে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। বর্তমান মেয়াদে বিএনপি সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।
প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সরকারি সূত্র নিশ্চিত করেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে তার এই সফরের প্রথম ধাপ শুরু হচ্ছে। আজ দুপুর ২টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, এই দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের প্রথম আন্তর্জাতিক সফর হিসেবে এই যাত্রার ওপর বিশেষ নজর রাখছেন দেশী-বিদেশী রাজনৈতিক বিশ্লেষকরা।