মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেছেন ৬১ জন নবীন কর্মকর্তা।
রোববার (২১ জুন) চট্টগ্রামের বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিতে মিডশিপম্যান ২০২৩-বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ২০২৩-বি ব্যাচের ৫৪ জন মিডশিপম্যান এবং ২০২৬-এ ব্যাচের ৭ জন সরাসরি কমিশন্ড অফিসারসহ মোট ৬১ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন। কুচকাওয়াজ শেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন নবীন কর্মকর্তারা এবং নৌবাহিনী প্রধানসহ অতিথিরা তাদের এপোলেট পরিয়ে দেন।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেওয়া হয়। সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সব বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে 'সোর্ড অব অনার' লাভ করেন মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান (এক্স), বিএন। এছাড়া প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জনকারী হিসেবে মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ (এক্স), বিএন 'নৌ প্রধান স্বর্ণপদক', সরাসরি কমিশন্ড অফিসার অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. আবিদ শাহরিয়ার অনু (শিক্ষা), বিএন 'বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক' এবং সেরা চৌকস বিদেশি মিডশিপম্যান হিসেবে মিডশিপম্যান জেহাদ এ. এম. সালাহ (এক্স), পিএল 'বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক' অর্জন করেন।
ভাষণে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, প্রতিরক্ষা শিল্পে 'মেড ইন বাংলাদেশ' নীতির আলোকে নৌবাহিনী নিজস্ব সক্ষমতায় সামুদ্রিক প্ল্যাটফর্ম ও অবকাঠামো নির্মাণে কাজ করছে এবং শিপইয়ার্ড, ডকইয়ার্ড ও সিএনআরডির মাধ্যমে দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটানো হচ্ছে।
তিনি আরও জানান, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, আনম্যানড এয়ারক্রাফটসহ বিভিন্ন সামুদ্রিক সক্ষমতা যুক্ত করার পাশাপাশি উপকূলীয় এলাকায় আধুনিক নজরদারি ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার, অ্যান্টি-ড্রোন সিস্টেম ও জ্যামার স্থাপনের কার্যক্রম চলছে। পরিশেষে, নৌবাহিনী প্রধান নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।