কর্ণফুলী টানেলে ৬ রাত সীমিত থাকবে যান চলাচল

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাতের বেলা যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তবে এই সময়ে টানেল পুরোপুরি বন্ধ না রেখে একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল সচল রাখা হবে।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে শুরু করে পরদিন ভোর ৫টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে। কাজ চলাকালীন প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারামুখী অথবা আনোয়ারা থেকে পতেঙ্গামুখী টিউবের ট্রাফিক ডাইভারশন করা হবে। অর্থাৎ, একটি টিউব বন্ধ রেখে অন্য আরেকটি টিউব দিয়ে দুই দিকের গাড়ি ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে পার করা হবে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে টানেলে গাড়ির স্বাভাবিক চাপের ওপর ভিত্তি করে দুই প্রান্তে যাত্রী ও যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

টানেলের ভেতর নিরাপদ ও নিখুঁতভাবে এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে যানবাহন চালক, যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।