মুদি ও কাঁচাবাজারে যৌক্তিক কর নির্ধারণ হবে: জোনায়েদ সাকি

জাতীয় সংসদে বাজেট আলোচনায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, মুদি দোকান ও কাঁচাবাজারে যৌক্তিক হারে কর নির্ধারণ করা হবে। তিনি বলেন, এ বিষয়ে উদ্বেগ রয়েছে এবং জনগণকে স্বস্তি দিতে সক্ষম কর কাঠামো গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে করদাতাদের সক্ষমতা বিবেচনায় ফ্ল্যাট রেটে কর নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আদায় কার্যক্রমকে আলাদা করা হবে। এ লক্ষ্যে আমলাতন্ত্রের বাইরে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন নীতি-নির্ধারণী সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে আগামী অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশ করেন তিনি।

বাজেটের অর্থায়ন নিয়ে উদ্বেগের জবাবে তিনি স্বীকার করেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতীত কার্যক্রম বিবেচনায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, কর সংস্কার, অটোমেশন এবং কর ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এ লক্ষ্য পূরণ সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাজেটের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৩ শতাংশ, যা প্রতিবেশীসহ অনেক দেশের তুলনায় কম। পাশাপাশি দীর্ঘদিনের কর ফাঁকি, কর জালিয়াতি ও অতিরিক্ত কর রেয়াতের কারণে রাজস্ব আহরণ ব্যাহত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসব সমস্যা মোকাবিলায় কর প্রশাসনে অটোমেশন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে এনবিআরসহ পাঁচটি প্রতিষ্ঠানে অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।