পুলিশে ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পর্যায়ের এসব কর্মকর্তার পদে রদবদল অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা রোববার (২৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি, মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিম, মিয়া মাসুদ করিম, মোহাম্মদ ওসমান গনি এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে বিভিন্ন পিটিসি ও ইউনিটে পদায়ন করা হয়েছে। একই পর্যায়ে আরও কয়েকজন কর্মকর্তাকে এপিবিএন ও পুলিশ একাডেমিসহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ে একাধিক কর্মকর্তাকে র‌্যাব, পুলিশ সদর দপ্তর, এপিবিএন, পিএসটিএস বেতবুনিয়া এবং বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। বরিশাল ও রংপুর রেঞ্জ কার্যালয়েও সংযুক্তি দেওয়া হয়েছে কয়েকজনকে।

পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীর, মো. জাহিদুর রহমান, সালমা সৈয়দ পলি, মো. শহীদুল ইসলাম এবং মো. কামরুজ্জামানকে বিভিন্ন দপ্তর ও রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।