অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গণমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে ও কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, কয়েকদিন আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে তিনি নিজে নয়, গণমাধ্যমের প্রকাশিত তথ্যেরই উল্লেখ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটি অস্থির সময় অতিক্রম করে নির্বাচন আয়োজন করতে হয়েছে। সেই প্রেক্ষাপটে নির্বাচন ও জাতীয় স্বার্থ বিবেচনায় জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।