সরকারের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত আওয়ামী লীগ কোনো নাম বা পরিচয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে ভিন্ন নামে বা নতুন পরিচয়ে রাজনৈতিক কার্যক্রমে ফেরানোর বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও নিষেধাজ্ঞা বহাল থাকাকালে তা সম্ভব নয়। তিনি বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’, ‘নতুন আওয়ামী লীগ’ কিংবা ‘তৃণমূল আওয়ামী লীগ’—যে নামই ব্যবহার করা হোক না কেন, আওয়ামী লীগ হিসেবে কোনো কর্মসূচি পরিচালনার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যতদিন নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, ততদিন দলটির রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আদালতের নির্দেশনা পরিবর্তিত হলে সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হতে পারে।
এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম তা অনুসরণ করছে না। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
ব্রিফিংয়ে তিনি জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন প্রতিরোধ করেছে।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ, চীন ও মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে বাংলাদেশ স্বাধীন ও স্বার্থভিত্তিক বৈদেশিক নীতি অনুসরণ অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার বিষয়টি সম্পর্কে তিনি বলেন, এতে বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি হবে না; বরং দুই দেশের ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে সরকার প্রত্যাশা করে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণের স্বার্থ ও জাতীয় প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ বিষয়ে অন্য কোনো দেশের উদ্বেগের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।