বন্ধ রাষ্ট্রীয় কারখানা চালুতে দ্রুত উদ্যোগ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে অলাভজনক ও বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো পুনরায় চালুর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ-সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলোতে বিনিয়োগে ইতোমধ্যে দেশি-বিদেশি বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পোন্নয়নে সম্ভাব্য অবদান বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সম্ভাব্যতা যাচাই করা হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী পুরো বিনিয়োগ ও পুনরায় চালুর প্রক্রিয়া স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রতিযোগিতামূলকভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ পরিহার করে দ্রুত কার্যক্রম শেষ করার নির্দেশ দেন তিনি, যাতে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদনে ফিরিয়ে আনা সম্ভব হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।