চার মাসেরও বেশি সময় বা ১২৫ দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) দুপুরে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে এ রুটে সরাসরি ফ্লাইট চলাচল আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়। দীর্ঘদিন পর আন্তর্জাতিক এ রুট চালু হওয়ায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ম্যানচেস্টার থেকে আসা বিজি-২০৮ ফ্লাইটে ২৭২ জন যাত্রী ছিলেন। গত ১ মার্চ থেকে হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করা হয়েছিল। হজ কার্যক্রম শেষ হওয়ার পর রোববার থেকে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটের মানুষের অন্যতম দাবি ছিল সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা। সেই দাবি বিবেচনায় নিয়ে সরকার এ রুটে আবার ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন, যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটে নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকারের পরিকল্পনা শুধু আন্তর্জাতিক নয়, সিলেট থেকে অভ্যন্তরীণ বিমান যোগাযোগও আরও সম্প্রসারণ করা। ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর হিসেবে গড়ে তুলে আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তিনি সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচনের আগে যুক্তরাজ্যপ্রবাসীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই সরকার গঠনের পর সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।
ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, মাঝখানে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটের মানুষের দীর্ঘ পথ ঘুরে দেশে ফিরতে হয়েছে এবং নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়েছে। আবার সরাসরি ফ্লাইট চালু হওয়ায় তাঁদের সময়, অর্থ ও ভ্রমণের কষ্ট,সবই অনেকাংশে কমবে।
এ সময় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হফিজ আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ বিরতির পর সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের বহুদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে এ উদ্যোগ সিলেটের আন্তর্জাতিক যোগাযোগ, প্রবাসী যাত্রীসেবা এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলেও সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।