ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোয় তিনি এই কৃতজ্ঞতা জানান।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানি রাষ্ট্রদূত। সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে বাংলাদেশের জনগণের সংহতি অব্যাহত থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক শান্তি নিশ্চিত হলে তা শুধু এই অঞ্চল নয়, বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্যও অপরিহার্য।