দেশের কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের টাই-ইন কাজের জন্য এসময় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০ ও ২০, ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০০ ও ২০, ১৪০ পিএসআইজি এর সাথে সংযুক্ত সকল শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এই সময় সংযোগ লাইনের কাছাকাছি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা কম প্রেসার থাকতে পারে। এই সাময়িক গ্যাস বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।