প্রধানমন্ত্রী নিয়মিত বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের দিন অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার প্রস্তাব রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। তবে দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি মনে করেছেন বিষয়টি সহকর্মীদের জানানো উচিত। প্রধানমন্ত্রী বৈঠকে জানান, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন, যাতে সেই অর্থ দরিদ্র মানুষের কল্যাণ কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনের কাজে ব্যয় করা যায়।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে তিনি বেতন গ্রহণ করছেন এবং তার মূল বেতন এক লাখ ১৫ হাজার টাকা। সেই বেতনের ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেন। বেতন হিসাব নম্বরে জমা হওয়ার পর তিনি অর্থ তুলে সরকারের হিসাবে চেকের মাধ্যমে পাঠিয়ে দেন। একই সঙ্গে তিনি মন্ত্রীদেরও সামর্থ্য থাকলে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুরোধ জানান।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এমন আহ্বানে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক সাড়া দিয়েছেন এবং তার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ অনেকের কাছে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি জানান, কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী ব্যক্তিগত জীবনযাপনেও সাদাসিধে ধারা অনুসরণ করছেন বলে অনেকে মনে করেন।