টানা ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) পুনরায় শুরু হচ্ছে আজ। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য এই অধিবেশনের কার্যক্রম যথারীতি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে।
এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছিল। দীর্ঘ বিরতি শেষে আজ থেকে আবারও সংসদের নিয়মিত কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চলতি অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের পাশাপাশি অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দীর্ঘ এই বাজেট আলোচনায় অংশ নিয়ে দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ও আইন-শৃঙ্খলাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংসদে নিজেদের বক্তব্য তুলে ধরেন সংসদ সদস্যরা।