জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (৮ জুলাই) দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতেই থাকবে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব।
জাতীয় সংসদ সচিবালয়ের আইন শাখা-১ থেকে প্রকাশিত কার্যসূচির বরাতে এই তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।
এদিনের অধিবেশনে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে তিনটি মনোযোগ আকর্ষণ নোটিশ আলোচনার জন্য কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম নোটিশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নষ্ট হওয়া টাকা গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হবে। দ্বিতীয় নোটিশে কর্মহীন মানুষের নিরাপত্তায় বন্যাপ্রবণ এলাকায় বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ, দুর্যোগ নিরোধক বাঁধ স্থাপন এবং বিশুদ্ধ খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।
তৃতীয় নোটিশে বিগত স্বৈরাচারী আমলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরি, আহতদের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্রশাসনিক ভূমিকার তদন্তের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।
আজকের অধিবেশনে গুরুত্বপূর্ণ এই নোটিশগুলোর ওপর আলোচনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।