ঢামেক পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত ক্যাম্পাস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, চিকিৎসক এবং কর্মকর্তাদের মাঝে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ ও প্রবল উচ্ছ্বাস বিরাজ করছে।

শনিবার (১১ জুলাই) দীর্ঘ ৮০ বছরের গৌরবময় পথচলা ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢামেক) পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢামেকের ছাত্রীদের জন্য দু’টি নতুন হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া তিনি ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও এই কলেজেরই সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর এই সফরকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একটি ঐতিহাসিক ‘মিলনমেলা’ হিসেবে দেখছেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করে সাবেক ছাত্রনেতারা গভীর আবেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিগত দিনে অবকাঠামোগত উন্নয়নের যে ধারা তৈরি হয়েছিল, এই সফরের মাধ্যমে তা আরও বেগবান হবে।

ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীরাও অত্যন্ত আশাবাদী। এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের মতে, এই সফরের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। তারা বিশ্বাস করেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা ও অবকাঠামোগত মানকে আধুনিক, জনমুখী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার কার্যকর ও সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবে।