সরকারি ক্রয় কার্যক্রমে প্রকিউরমেন্ট লিড টাইম আরও কমিয়ে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিকে (বিপিপিএ) কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর শেরেবাংলানগরে বিপিপিএর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংস্থাটির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় অর্থমন্ত্রী বিপিপিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি ক্রয়ব্যবস্থার সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা এবং বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে সরকারি ক্রয়ে প্রকিউরমেন্ট লিড টাইম প্রায় ১০০ দিন থেকে কমে ৫৪ দিনে নেমে এসেছে। তবে প্রকল্প বাস্তবায়ন আরও গতিশীল করতে এ সময়সীমা আরও কমিয়ে আনার প্রয়োজন রয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সরকারি ক্রয়প্রক্রিয়ায় দক্ষতা, প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সময় কমিয়ে আনতে পারলে প্রকল্প বাস্তবায়নের গতি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর মাধ্যমে উন্নয়নের সুফলও দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।