ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা শহরের বিপুল পরিমাণ বর্জ্যকে বিদ্যুৎ ও পরিবেশবান্ধব পণ্যে রূপান্তরের লক্ষ্যে আমিনবাজার ও মাতুয়াইলে দুটি বড় প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রকল্প দুটির অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, ঢাকার আমিনবাজারে চীনের সিএমইসি (CMEC) গ্রুপের বিনিয়োগে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে। এই প্রকল্পে প্রতিদিন ঢাকার প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ২০২৮ সালের আগস্টের মধ্যে এই কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে এবং আগামী ২৫ বছর এখানে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দ্বিতীয় প্রকল্পটি বাস্তবায়ন করবে দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানি। প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে এখানে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে। সেই গ্যাস দিয়ে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা (দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা) বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া এখান থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকসও উৎপাদিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কাজের গতি বাড়াতে তিনি স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত আন্তমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।