সংসদে অর্থমন্ত্রী

নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে মিলবে ঋণ

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। বিনা জামানতের ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। একই সঙ্গে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে তিনি জানান।

রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। বিকেল তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

অর্থমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকেই নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

তিনি আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

অর্থমন্ত্রী বলেন, স্টার্টআপ খাতে ঋণের পাশাপাশি ইক্যুইটি সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারত্বে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি’ গঠন করা হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলো ইক্যুইটি বিনিয়োগের সুবিধাও পাবে।

যুব উদ্যোক্তাদের কর্মসংস্থানমুখী অর্থায়নের বিষয়ে তিনি জানান, প্রশিক্ষণপ্রাপ্ত বা বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার একটি তহবিল ১৪ জুলাই ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমানে ১ হাজার ২০০ কোটি টাকার নতুন একটি তহবিল গঠনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, এসব কর্মসূচি দেশের সব জেলার জন্য প্রযোজ্য। ফলে কুড়িগ্রাম-৩ আসনসহ দেশের সব এলাকার উদ্যোক্তারাই এসব ঋণ ও অর্থায়ন সুবিধার আওতায় আসবেন।