দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আজ সন্ধ্যায়ই তিনি ঢাকায় ফিরবেন।
সফরকালে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী ও সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়া স্থানীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভাতেও তার যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল-বটাজোর খালে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী।
এরপর জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সংলগ্ন সাগরনদীর পাশেও গাছ লাগাবেন তিনি।
বিকেলের দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সাংগঠনিক সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
সোর্স: বিএনপি মিডিয়া সেল ও প্রধানমন্ত্রীর প্রেস উইং (সংবাদ বিজ্ঞপ্তির বরাতে)।