জুলাই শহীদ দিবসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নানা কর্মসূচি

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দফতরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রণীত কর্মসূচির আলোকে দিবস দুটি উদযাপনের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হবে।

এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভারও আয়োজন করা হবে।

কর্মসূচিগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), শিশু কল্যাণ ট্রাস্ট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।