শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায়, এমন একটি গোষ্ঠী রয়েছে যারা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি পরীক্ষা সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির স্পষ্টীকরণ করে বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে তা পুনরায় নেওয়া হবে। এছাড়া ভুল প্রশ্নের বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই সিদ্ধান্তে পরীক্ষার্থীরাও সন্তুষ্ট।

এসব নেতিবাচক তৎপরতাকে সরকার খুব একটা গুরুত্ব দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, যারা এগুলো নিয়ে কথা বলছেন তারা সংখ্যায় খুব বেশি নন এবং সরকার এসব বিষয়ে মনোযোগ দিচ্ছে না।

অতীতের অন্তর্বর্তী সরকারের সময়কার পরিস্থিতি টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত করা কিংবা বিনা পরীক্ষায় পাসের মতো ঘটনা ঘটেছে, যা তখন সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি।

তবে বর্তমান সরকার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, দেশের শিক্ষার মান নিচে নেমে গিয়েছিল, তাই শিক্ষার মান উন্নত করতে এবং মেধার সঠিক মূল্যায়নে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।