সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনের শরিক দলগুলোর দেড় শতাধিক রাজনৈতিক নেতাকে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। নৈশভোজের পাশাপাশি প্রধানমন্ত্রী আমন্ত্রিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং দেশের চলমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যরাও উপস্থিত থাকবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুগপৎ আন্দোলনের রাজপথের শরিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক ও যৌথ বৈঠক।
রাজনীতিকদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজের মাধ্যমে নতুন সরকারের সঙ্গে শরিক দলগুলোর রাজনৈতিক ঐক্য ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে।