সাইফুজ্জামানের ফ্ল্যাটে আবারও দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে মালামালের ইনভেন্টরি (তালিকা তৈরি) কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চলছে।

সোমবার (২০ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান শুরু করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববারের অভিযানের ধারাবাহিকতায় আজও তল্লাশি ও তালিকা তৈরির কাজ চলছে। এর আগে রোববার পরিচালিত অভিযানে ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ মূল্যবান ও বিলাসবহুল সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩০০টিরও বেশি কোট, ৫৩২টি টাই, ৮টি বিলাসবহুল ঘড়ির বক্স (যার মধ্যে ৪টি বিশ্বখ্যাত রোলেক্স ব্র্যান্ডের), ৩ সেট মুক্তার গয়না, প্রায় ১০০টি কামিজ এবং মূল্যবান আসবাবপত্র। ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি রোলেক্স ঘড়ির আনুমানিক মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে এনবিআর, সিআইডি ও দুদকের একাধিক অনুসন্ধান চলমান রয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্যে তাঁর ৫১৮টি ফ্ল্যাট, ৮ দেশে থাকা একাধিক সম্পত্তি এবং যুক্তরাষ্ট্রে করা প্রায় ২,৩২০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত ২ জুলাই আদালতের নির্দেশে গুলশানের ওই দুটি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রিসিভার হিসেবে গ্রহণ করে দুদক।